
বিশ্বকাপ মিশন শেষে অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পল মাঠে ফিরেছেন। তাদের প্রত্যাবর্তনের ম্যাচে ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। এই ফলাফলের মাধ্যমে চলতি মৌসুমে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার ধারা বজায় রাখল মায়ামি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। ১৬তম মিনিটে লুইস সুয়ারেজের চমৎকার এক দূরপাল্লার চিপ শটে এগিয়ে যায় মায়ামি। গোলরক্ষককে কিছুটা এগিয়ে আসতে দেখে তিনি নিখুঁত শটে বল জালে জড়ান। চলতি মৌসুমে এটি সুয়ারেজের দশম গোল এবং গত চার ম্যাচে তার সপ্তম গোল। এই অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগের ইতিহাসে প্রথম তিন মৌসুমের প্রতিটিতে অন্তত ১০টি গোল ও ৫টি এসিস্ট করা মাত্র পঞ্চম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।
৩৪তম মিনিটে সমতায় ফেরে কলম্বাস ক্রু। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও লিড নেয় মায়ামি। রদ্রিগো দি পলের পাস থেকে ডান প্রান্তে বল পেয়ে সুয়ারেজ নিখুঁত ক্রস করেন, যা থেকে হেড করে গোল করেন ক্লাবের একাডেমি থেকে উঠে আসা নোয়া অ্যালেন। চলতি মৌসুমে এটি অ্যালেনের প্রথম গোল এবং সুয়ারেজের এসিস্ট সংখ্যা দাঁড়ায় ছয়ে।
দ্বিতীয়ার্ধে উভয় দলই সমানতালে লড়াই করে। খেলার ৮৪তম মিনিটে কলম্বাস দ্বিতীয় গোল করে আবারও সমতায় ফেরে। শেষ দিকে মেসি একাধিকবার গোল করার চেষ্টা করেও সফল হতে পারেননি। ফলে ২-২ গোলের সমতাতেই শেষ হয় এই উত্তেজনাপূর্ণ লড়াই। এছাড়া গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেওয়া ফ্রিসিও কাইসেদো এদিন মায়ামির হয়ে লিগে অভিষেক করেছেন। আগামী বুধবার লিগস কাপের প্রথম পর্বে আতলেতিকো দে সান লুইসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
আপনার মতামত লিখুন :