Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ /
বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬ শেষ হলেও ফুটবলপ্রেমীদের মাঝে এর রেশ এখনো কাটেনি। এই উন্মাদনাকে কেন্দ্র করে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২ আগস্ট, রবিবার ঢাকা ফ্ল্যাশের কার্যালয়ে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া উপস্থাপক ফয়সাল তিতুমীর। এতে উপস্থিত ছিলেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম। বিশ্বকাপজুড়ে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পাঠক অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুইজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

প্রথম পুরস্কার বিজয়ী এস আর মুনতাসির রহমান পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের রিটার্ন বিমান টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী তারেক আজিজ পেয়েছেন ঢাকা-সিলেট-ঢাকা রুটের রিটার্ন বিমান টিকিট। বিজয়ীদের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জয়ন্ত কর্মকার জানান, ঢাকা ফ্ল্যাশের ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’ আয়োজনটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, শুধু বড় টুর্নামেন্ট নয়, বরং সারা বছর ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলার খবর এবং বিশ্লেষণ নিয়ে নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করবে ঢাকা ফ্ল্যাশ।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম বলেন, বিশ্বকাপ ঘিরে নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগে ঢাকা ফ্ল্যাশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় ঢাকা ফ্ল্যাশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, আগামী সপ্তাহ থেকেই দর্শকদের জন্য ‘স্পোর্টস ক্রেজ’ এবং ‘বিয়ন্ড ফুটবল’ নামে দুটি নতুন ক্রীড়াভিত্তিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh