Facebook Twitter Instagram YouTube

বরিশালে বালুভর্তি বস্তার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ /
বরিশালে বালুভর্তি বস্তার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঘটা এই বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি আক্তার (১৮) এবং নাতি ফাহিম (১৫)।

শাহ আলমের ছেলে জামাল হোসেন জানান, সোমবার সকাল সাতটার দিকে বাড়ির পাশে রাখা বালুভর্তি বস্তাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে উপস্থিত তাঁর মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের নার্স লিংকন দত্ত জানিয়েছেন, দগ্ধদের মধ্যে নারীদের চারতলার মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের দগ্ধ হওয়ার সঠিক পরিমাণ জানা যায়নি।

ঘটনার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ, র‍্যাব এবং ডিবির সদস্যরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন। বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান বলেন, এটি কী ধরনের বিস্ফোরক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে আরও বিস্ফোরক থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ঢাকায় বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং তারা বিকেলের মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo