
বিশ্বজুড়ে উন্মোচনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গুগল আর্থের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ছবি তৈরির ফিচারটি বন্ধ করে দিয়েছে গুগল। স্যাটেলাইট ছবির মাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া দৃশ্য তৈরির ঝুঁকি এবং এর অপব্যবহারের আশঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা এই ফিচারের মাধ্যমে বাস্তব স্যাটেলাইট চিত্রে কৃত্রিমভাবে বিভিন্ন ঘটনা যুক্ত করতে পারছিলেন, যা ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর মতো মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল। ৩১ জুলাই এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ভূ-স্থানিক বা জিওস্পেশাল পেশাজীবীরা ইতিবাচক কাজে ফিচারটি ব্যবহার করলেও, এমন কিছু স্ক্রিনশট তাদের নজরে এসেছে যা কোম্পানির নীতিমালা লঙ্ঘন করেছে। গুগল আরও জানায়, কার্যকর ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গুগল আর্থ থেকে ফিচারটি সরিয়ে নিচ্ছে।
গত ৩০ জুলাই গুগল এই এআই টুলের ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটির দাবি ছিল, এই টুলটি শিক্ষার্থীদের ইতিহাসভিত্তিক দৃশ্য কল্পনা করা, রিয়েল এস্টেট বিপণন এবং বিভিন্ন সৃজনশীল কাজে সহায়তা করবে। গুগল আর্থের পণ্য ব্যবস্থাপক ব্রায়ান হোরোভিটজ জানিয়েছিলেন, ব্যবহারকারীরা গুগল আর্থে কোনো স্থানে জুম করে 'ক্রিয়েট ইমেজ' অপশনে ক্লিক করে 'ন্যানো বানানা' এআই মডেলের মাধ্যমে পছন্দমতো ছবি তৈরি করতে সক্ষম হবেন।
তবে ফিচারটি চালুর পরপরই সাংবাদিক এবং ওপেন-সোর্স গোয়েন্দা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। তাদের মতে, স্যাটেলাইট ছবি যুদ্ধ, দুর্যোগ, মানবাধিকার লঙ্ঘন এবং পরিবেশগত পরিবর্তন যাচাইয়ের নির্ভরযোগ্য উৎস। সেখানে এআইয়ের মাধ্যমে কৃত্রিম দৃশ্য যুক্ত করার সুযোগ বিভ্রান্তি ছড়াতে পারে। ওয়াশিংটন পোস্টের ভিজ্যুয়াল ফরেনসিক বিশেষজ্ঞ ইভান হিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই প্রযুক্তির অপব্যবহারের সুযোগকে 'সীমাহীন' বলে মন্তব্য করেছেন। এছাড়া গবেষক হেনক ভ্যান এস দাবি করেন, কোনো ফিল্টার ছাড়াই তিনি মেক্সিকো সীমান্তে শরণার্থী, ইরানের পারমাণবিক স্থাপনা, আমস্টারডামে বিমান দুর্ঘটনা এবং গাজার হাসপাতালে বোমা হামলার গর্ত তৈরির মতো ভুয়া দৃশ্য তৈরি করতে পেরেছিলেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই টুলের ঝুঁকি তুলে ধরেছে। ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-এর প্রতিবেদনে ইরানে ব্যাপক অগ্নিকাণ্ড এবং ওয়াশিংটন ডিসি বন্যায় তলিয়ে যাওয়ার ছবি প্রকাশিত হয়েছে। বিবিসি দেখিয়েছে আইফেল টাওয়ার ও গিজার পিরামিড ধ্বংসের কাল্পনিক দৃশ্য। সমালোচনার মুখে গুগলের ব্যাখ্যা, এআই দিয়ে তৈরি এসব ছবি গুগল আর্থের মূল মানচিত্রে অন্য ব্যবহারকারীদের জন্য প্রদর্শিত হচ্ছিল না এবং প্রতিটি ছবিতে এআই-নির্মিত বলে জলছাপও যুক্ত ছিল। ২০০৫ সালে যাত্রা শুরু করা গুগল আর্থ এমন একটি ম্যাপিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা স্যাটেলাইট ছবি, ত্রিমাত্রিক ভূখণ্ড এবং স্ট্রিট ভিউয়ের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন।
আপনার মতামত লিখুন :