Facebook Twitter Instagram YouTube

ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে উয়েফার আইনি সতর্কতা ও নথি রক্ষার নির্দেশ


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ১:০২ অপরাহ্ণ /
ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে উয়েফার আইনি সতর্কতা ও নথি রক্ষার নির্দেশ

বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনাটি বাতিল করা হলেও বিষয়টি নিয়ে চাপ বজায় রেখেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে একটি কঠোর আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যেন এই পরিকল্পনা সংক্রান্ত কোনো নথি, ই-মেইল কিংবা ডিজিটাল তথ্য কোনোভাবেই মুছে ফেলা, পরিবর্তন বা ধ্বংস করা না হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা শুক্রবারের ওই চিঠিতে উয়েফা জানিয়েছে, তারা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সালিসি কার্যক্রম পরিচালনা কিংবা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

চিঠিতে ইনফান্তিনো ও ফিফাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত সব ইলেকট্রনিক তথ্য, যোগাযোগের রেকর্ড, নথিপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক উপাত্ত চিহ্নিত করে তা যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয়। উয়েফা সতর্ক করে বলেছে, এই নোটিশ পাওয়ার পর যদি কোনো তথ্য গোপন, ধ্বংস, পরিবর্তন বা হারিয়ে যায়, তবে সেটিকে ‘প্রমাণ নষ্টের চেষ্টা’ হিসেবে গণ্য করা হবে। এমন পরিস্থিতিতে উয়েফা আইনি প্রতিকার, আদালতের নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যয় আরোপের মতো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

উয়েফা শুধুমাত্র ফিফা সভাপতিকেই নয়, বরং ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার, মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম, প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোর এবং এই পরিকল্পনার সঙ্গে যুক্ত অন্য কর্মকর্তাদের কাছেও প্রয়োজনীয় নথি সংরক্ষণের নির্দেশ পৌঁছে দিতে ফিফাকে বলেছে। এছাড়া জশুয়া কুশনার, গ্রেগ ম্যাফেই, জেপি মরগান এবং ওপেনইকোনমিকসের মতো সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর কাছেও উয়েফা একই ধরনের চিঠি পাঠিয়েছে।

উল্লেখ্য যে, গত ২৮ জুলাই ফিফা ঘোষণা করেছিল যে তারা বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন প্রতিষ্ঠান গড়বে এবং এর অংশ বিশেষ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেবে। উয়েফা এই পরিকল্পনাকে ‘বিশ্বকাপ বিক্রি’র উদ্যোগ হিসেবে আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা করে। পরবর্তীতে কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আপত্তির মুখে গত ১ আগস্ট ফিফা পরিকল্পনাটি বাতিল করে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে এখনো অনড়। তিনি মনে করেন, এই বিতর্কিত পরিকল্পনা বিশ্ব ফুটবলের প্রতি আস্থা নষ্ট করেছে এবং কেবল পরিকল্পনা বাতিল করাই যথেষ্ট নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh