Facebook Twitter Instagram YouTube

অভিযাত্রিকের হাত ধরে শুরু হলো ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষ


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ /
অভিযাত্রিকের হাত ধরে শুরু হলো ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষ

বাংলাদেশে ফুটবলের মাধ্যমে শিশু ও তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো যাত্রা শুরু করেছে ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম ‘প্লেইং ফর পিস’। অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির ২০২৫-২৬ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটি রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল টার্ফে অনুষ্ঠিত হয়েছে। ‘প্লেইং ফর পিস: এম্পাওয়ারিং ড্রিমস থ্রু সকার’ শীর্ষক এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের অতিথি এবং সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ঢাকা-১৭ আসনের সরকারি প্রতিনিধি আব্দুর রহমান সানি। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম এবং গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তামাল) বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা, কোচ, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বেলুন ওড়ানো এবং প্রতীকী কিক-অফের মাধ্যমে দ্বিতীয় বর্ষের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এরপর কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশুদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিযাত্রিক ফাউন্ডেশনই বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ফিফা ফাউন্ডেশনের অফিসিয়াল পার্টনার হিসেবে এই কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পেয়েছে। বর্তমানে বিশ্বের ১৩৯টি দেশে এই কার্যক্রম চলমান রয়েছে, যার মূল লক্ষ্য ফুটবলকে মাধ্যম হিসেবে ব্যবহার করে শিশুদের জীবন দক্ষতা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা।

অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ইমতিয়াজ জামি বলেন, গত বছরের সফলতার ধারাবাহিকতায় এবারও ১,১০০ শিশুকে নিয়ে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি শিশুর কাছে এই আন্তর্জাতিক সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। বক্তারা তাদের বক্তব্যে ফুটবলকে নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং এই আন্তর্জাতিক উদ্যোগের জন্য অভিযাত্রিক ফাউন্ডেশনকে অভিনন্দন জানান। এই প্রোগ্রামের আওতায় সারা বছরব্যাপী ১,১০০ শিশু ফুটবল প্রশিক্ষণ, টুর্নামেন্ট, জীবন দক্ষতা শিক্ষা ও মেন্টরশিপের সুযোগ পাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy