Facebook Twitter Instagram YouTube

চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ /
চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে চিকিৎসক, নার্স ও মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ বিভিন্ন পদের জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। প্রায় চার লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান এই ভরসাস্থলটিতে পর্যাপ্ত জনবলের অভাবে স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন গড়ে ৬৫০ থেকে ৭০০ রোগী সেবা নিতে এলেও জনবলের অভাবে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে সেবা প্রদানে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

হাসপাতালটির ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ছয়তলা আধুনিক ভবন নির্মাণ করা হলেও চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে প্রকৃত সুফল পাচ্ছেন না রোগীরা। বর্তমানে চিকিৎসকের ৫১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ৩১ জন। এর মধ্যে ১১ জন বিভিন্ন স্থানে সংযুক্ত থাকায় মাত্র ২০ জন চিকিৎসক দিয়েই হাসপাতালের সকল কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এছাড়া নার্সের ৬টি পদ, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ৩টি পদ, তৃতীয় শ্রেণির ৫টি এবং চতুর্থ শ্রেণির ৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

প্রয়োজনীয় মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের অভাবে হাসপাতালের ল্যাবে রক্ত পরীক্ষাসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীদের বাধ্য হয়ে বাইরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অতিরিক্ত খরচে পরীক্ষা করাতে হচ্ছে। ওষুধের তীব্র সংকটের কারণে অনেক প্রয়োজনীয় ওষুধও রোগীদের বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা অন্য বড় হাসপাতালে রেফার করা হচ্ছে, যা রোগীদের সময় ও অর্থ সাশ্রয়ের পরিবর্তে ভোগান্তি বাড়িয়ে তুলছে। পরিচ্ছন্নতাকর্মীর অভাবে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে।

জনবল সংকটের কারণে রোগীদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শূন্য পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh