Facebook Twitter Instagram YouTube

সিংড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য দুই প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ /
সিংড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য দুই প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী

এবারের এসএসসি পরীক্ষায় নাটোরের সিংড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো কলম কারিগরি স্কুল এন্ড কলেজ এবং বাহাদুর দাখিল মাদ্রাসা। এই দুই প্রতিষ্ঠান থেকে মোট ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।

কলম কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সবুরের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী ও সহকারী শিক্ষক মাহফুজ আখতার জানান, প্রতিষ্ঠানটির ফলাফল সাধারণত ভালো থাকে। কিন্তু এ বছর ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হওয়ায় শিক্ষকরা হতবাক হয়েছেন। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গভীর দুঃচিন্তায় পড়েছেন।

বাহাদুর দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী জানান, তাদের প্রতিষ্ঠান থেকে এবছর নয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং সবাই অকৃতকার্য হয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত হলেও ২০০৪ সাল থেকে বরাবরই তাদের ফলাফল সন্তোষজনক ছিল।

সিংড়ার অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফলের চিত্রও বেশ হতাশাজনক। বড়সাঐল টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ থেকে মাত্র একজন করে পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এছাড়া ঐতিহ্যবাহী চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের ভোকেশনাল শাখা থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে মাত্র তিনজন পাশ করতে পেরেছেন।

সার্বিক বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাজনীন সুলতানা বলেন, সব প্রতিষ্ঠানের ফলাফল জেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor