
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের সব পুকুরে সাঁতার কাটা ও পানিতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের পুকুরে একাধিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ জুলাই কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। তার বাড়ি ফেনী জেলায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১২ আগস্ট একই পুকুরে ডুবে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অর্ণব দত্ত চমক এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। তারা দুজনেই ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং তাদের বাড়ি সিলেটে পাশাপাশি গ্রামে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, কবি কাজী নজরুল ইসলাম হল ও শহিদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরের চারপাশে নিষেধাজ্ঞামূলক ফেস্টুন ও স্টিকার লাগানো হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে পুকুরের তিন পাশের তিনটি ঘাটই টিনশেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :