
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের গোয়েন্দা ভুলের বিষয়ে সতর্ক করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, অতীতে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভুল হিসাব করেছিল, এবার হরমুজ প্রণালি নিয়েও তারা একই ধরনের ভুল করতে পারে।
আব্বাস আরাকচি বলেন, ভুয়া খবরের চেয়েও ভুয়া গোয়েন্দা তথ্য অনেক বেশি ভয়ংকর। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে লেখেন, আল্লাহ মহান এবং পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও বড়। আমরা কেবল আল্লাহর ওপরই ভরসা রাখি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দাবি করেছিলেন যে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা এটি ধরে রাখার পরিকল্পনা করছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাঝুঁকি ও সামরিক উত্তেজনার কারণে এই পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা কমে সপ্তাহে সর্বনিম্ন আটটিতে দাঁড়িয়েছে, কারণ জাহাজ কোম্পানিগুলো এই জলপথ ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভুল হিসাব করেছে। এবার হরমুজ প্রণালি নিয়েও একই ধরনের ভুল হতে পারে বলে সতর্ক করেন তিনি।’
আপনার মতামত লিখুন :