
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব শেষে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের দলীয়করণ বা রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি বলে উল্লেখ করা হয়।
মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, মাদক নিয়ন্ত্রণে এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ট্রাইব্যুনাল ও প্রয়োজনীয় এখতিয়ারসম্পন্ন আদালত গঠনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও ব্যয় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কমিটির সামনে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের জন্য খাতওয়ারি বাজেট ও ব্যয়ের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা হিসেবে বিভাজন করা হয়েছে।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এসব কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :