
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো সর্বজনীন ‘বিজয় দিবস’ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তালেবান প্রশাসন। আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ আগস্ট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানের মূল আয়োজক নয়াদিল্লির আফগান দূতাবাসের তালেবান নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর। বর্তমানে নয়াদিল্লিতে তালেবান ও ভারতীয় পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই বিশেষ আয়োজনটি করা হচ্ছে।
অনুষ্ঠানে কূটনীতিক, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, আফগান অভিবাসী এবং গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ভারত সরকার এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবুও ধারণা করা হচ্ছে যে ভারতীয় সরকারের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে অনুষ্ঠানে ব্যবহৃত কূটনৈতিক প্রতীক এবং পতাকার মতো বিষয়গুলোর ওপর ভারতীয় পক্ষ সতর্ক নজর রাখবে।
নূর আহমেদ নূর গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। এছাড়া মুম্বাই ও হায়দ্রাবাদের আফগান কনস্যুলেটেও তালেবান নিযুক্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। কাবুলে নিজেদের দূতাবাস ও কারিগরি মিশনের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ভারত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ রেখেছে।
আপনার মতামত লিখুন :