Facebook Twitter Instagram YouTube

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ২:০১ অপরাহ্ণ /
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। নিহতরা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় আরও অন্তত তিনজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, কারখানা থেকে মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারখানার মালিক মো. মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, ঘটনার সময় তিনি কারখানার বাইরে ছিলেন। তিনি প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানান যে, জাহাজে কাজ করার সময় ছয় থেকে আটজন কর্মী অসতর্কতাবশত বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। তিনি কারখানায় পৌঁছে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

এদিকে, স্থানীয় জেলেরা জানিয়েছেন, কারখানাটির ভেতর থেকে নির্গত গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে, পাশের খালে নৌকা নিয়ে প্রবেশ করা সম্ভব ছিল না। সাগরে ইলিশ ধরতে যাওয়া জেলেরা বাধ্য হয়ে কারখানা থেকে অন্তত আধা কিলোমিটার দূরে নৌকা নোঙর করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy