Facebook Twitter Instagram YouTube

ফেনীতে অবমূল্যায়ন ও আর্থিক সংকটে ছাত্রদল নেতার পদত্যাগ


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ /
ফেনীতে অবমূল্যায়ন ও আর্থিক সংকটে ছাত্রদল নেতার পদত্যাগ

ফেনীর পরশুরামে দলীয় অবমূল্যায়ন এবং পারিবারিক আর্থিক অনটনের অভিযোগ তুলে ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন এক স্থানীয় নেতা। গত বৃহস্পতিবার দলীয় প্যাডে নিজের সই করা পদত্যাগপত্রটি জমা দেন তিনি। ইলিয়াছ নামের ওই নেতার পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র জানায়, ইলিয়াছ পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালে উপজেলা ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন তিনি। দলের চরম দুঃসময়েও রাজপথের প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু বর্তমান সময়ে এসে তিনি চরম অবহেলার শিকার হচ্ছেন।

পদত্যাগপত্রে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে ইলিয়াছ লিখেছেন, একদিকে রাজনৈতিকভাবে তাকে অবমূল্যায়ন করা হচ্ছে, অন্যদিকে তার পরিবার তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পরিবারের হাল ধরতে এবং জীবিকার তাগিদে তাকে ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে। ফলে সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে কারণেই তিনি স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ইলিয়াসের এই পদত্যাগপত্রটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন পরশুরাম পৌর ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত এনাম মজুমদার। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, অভাব-অনটনের কারণে দল থেকে পদত্যাগ করাটা দলেরই ব্যর্থতা, কারণ এখন দল ক্ষমতায় রয়েছে। যারা দলের দায়িত্বশীল পদে আছেন, এটি মূলত তাদের দায়িত্বহীনতারই প্রমাণ বহন করে।

এ বিষয়ে পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু জানান, ইলিয়াস দলের একজন অত্যন্ত ত্যাগী কর্মী। কোনো কারণে মান-অভিমান থেকে হয়তো সে এমন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা ছাত্রদলের শীর্ষ নেতারাও এর খোঁজখবর নিয়েছেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাকে পুনরায় সংগঠনে সক্রিয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh