
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ লক্ষ্যে তিনি শুক্রবার প্রেসিডেন্ট বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে একদিকে যেমন সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সরাসরি প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে, যা জনগণকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় সংসদে ফলপ্রসূ আলোচনা এবং দ্রুত সমাধান খোঁজা অত্যন্ত জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়। জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে নীরব থাকা সম্ভব নয় জানিয়ে বিরোধীদলীয় নেতা দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্যাগুলোর দ্রুত সমাধানে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রেসিডেন্টের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :