Facebook Twitter Instagram YouTube

সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ছয় মাসে পূরণ হয়েছে: রিজভী


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ /
সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ছয় মাসে পূরণ হয়েছে: রিজভী

বিএনপি সরকারের ছয় মাস পূর্তিতে নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফায় দেওয়া অধিকাংশ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।

রিজভী জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মসূচির বাস্তবায়নের হার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ, আবার কোথাও ১০০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদানসহ খনন করা খালের কিলোমিটার ও অন্যান্য পরিসংখ্যান নিয়ে বিস্তারিত একটি বুকলেট আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।

সরকারের শুরুর দিকের সময় সম্পর্কে তিনি বলেন, প্রশাসন গুছিয়ে নেওয়া এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্র বা ইন্সট্রুমেন্ট প্রস্তুত করতে প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন ছিল। এই প্রস্তুতি পর্ব শেষ হয়েছে এবং আগামী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্যের সঙ্গে দলের কোনো বিরোধ নেই। তিনি আরও স্পষ্ট করেন যে, আইনগতভাবে শপথের আগে দলীয় বা সরকারি পদ থেকে পদত্যাগের বাধ্যবাধকতা নেই। তবে মির্জা ফখরুল ইসলাম যেহেতু দলের মনোনীত রাষ্ট্রপতি হয়েছেন, তাই নৈতিক অবস্থান থেকেই তিনি দলীয় পদ ছেড়েছেন।

এ সময় সারা দেশে দোয়া অনুষ্ঠানের ঘোষণা দিয়ে রিজভী জানান, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠান হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় দোয়ার আয়োজন করা হবে। গুলশান কার্যালয়েও দোয়া মাহফিল হবে। একইভাবে দেশের সব দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh