Facebook Twitter Instagram YouTube

‘গাজায় প্রতিরাতে ৩০-৪০ জনকে হত্যা করা উচিত’: বেন-গ্যভির


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ /
‘গাজায় প্রতিরাতে ৩০-৪০ জনকে হত্যা করা উচিত’: বেন-গ্যভির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের নিয়ে আবারও চরম উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির। গাজার কিছু মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তারা মানুষও নয় দাবি করে সেখানে প্রতিরাতে অন্তত ৩০ থেকে ৪০ জনকে লক্ষ্য করে গুপ্তহত্যা চালানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া সাবেক এক ইসরায়েলি জিম্মির সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বেন-গ্যভির এই বিতর্কিত বক্তব্য দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতপার্থক্য রয়েছে এবং এটি কোনো গোপন বিষয় নয়। তার মতে, শুধুমাত্র যারা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি, তাদেরই নয়, বরং গাজায় এমন কিছু মানুষ রয়েছে যাদের বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই। তারা আসলে মানুষই নয়। তাই প্রতিরাতে সেখানে ৩০ থেকে ৪০ জনকে লক্ষ্য করে গুপ্তহত্যা চালানো উচিত।

একই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের গণহারে সরিয়ে নেওয়ার পক্ষেও নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এই উগ্রপন্থি মন্ত্রী। পুরো গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, পুরো গাজা আমাদের। তাই গাজার বাসিন্দাদের যত দ্রুত ও বেশি সম্ভব অন্য দেশে স্থানান্তরিত করা উচিত। আর যারা সন্ত্রাসী, তাদের কোথাও যেতে না দিয়ে একে একে হত্যা করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh