Facebook Twitter Instagram YouTube

মৃত্যুর গুজব ওড়ালেন আবুল হায়াত, জানালেন ‘আমি একদম ঠিক আছি’


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ / ০
মৃত্যুর গুজব ওড়ালেন আবুল হায়াত, জানালেন ‘আমি একদম ঠিক আছি’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিজের মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বরেণ্য নাট্যজন ও অভিনেতা আবুল হায়াত। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে নিশ্চিত করেছেন। শনিবার (৩ অক্টোবর) রাত থেকে বিভিন্ন পোস্ট ও ভিডিওর মাধ্যমে এই ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা তাকে ও তার পরিবারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন আবুল হায়াত। তিনি বলেন, ‘আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’

এই অভিনেতার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ভুয়া তথ্য ছড়াচ্ছেন, তাদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করে আবুল হায়াত বলেন, ‘যারা এসব খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি আমি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। এর ফলে শুধু ওই মানুষটিই নয়, তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও ভীষণ কষ্ট পান।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আবুল হায়াতকে নিয়ে মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ার পর তিনি ও তার পরিবারের সদস্যরা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছিলেন। বিশেষ করে, ভুয়া সংবাদে বিভ্রান্ত হয়ে স্বজনদের আতঙ্কিত ফোনকলগুলো তাকে সবচেয়ে বেশি ব্যথিত করে।

১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় যাত্রা শুরু করা আবুল হায়াত তার দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা ও লেখালেখিতেও তিনি সমানভাবে সক্রিয় ও সমাদৃত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din