Facebook Twitter Instagram YouTube

এআইয়ের অপব্যবহার ও অস্তিত্বের সংকট: বিপাকে সাধারণ মানুষ


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ / ০
এআইয়ের অপব্যবহার ও অস্তিত্বের সংকট: বিপাকে সাধারণ মানুষ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভূতপূর্ব উন্নতির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে এর অপব্যবহার ও ক্ষতিকর প্রয়োগ আশঙ্কাজনক হারে বাড়ছে। মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম এই প্রযুক্তি একদিকে যেমন জীবনযাত্রাকে সহজ করছে, অন্যদিকে অসৎ ও অপরাধী চক্রের হাতে পড়ে সাইবার জগৎকে করে তুলছে অনিরাপদ। এর বড় শিকার হচ্ছে কোমলমতি শিশু-কিশোর এবং রাজনৈতিক নেতারা। শক্তিশালী ফিল্টারিং বা কঠোর আন্তর্জাতিক নীতিমালা না থাকায় অপ্রাপ্তবয়স্করা সহজেই এর ক্ষতিকর প্রভাবের মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই চ্যাটবটগুলো থেরাপিস্ট বা অভিভাবকের বিকল্প হতে পারে না। ফলে ব্যক্তিগত জটিল বিষয়ে এআইয়ের ওপর নির্ভরতা শিশুদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের পরিচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম-ছবি ব্যবহার করে ভুয়া পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাদ যাচ্ছেন না প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরাও। তাঁদের ছবি ও নাম ব্যবহার করে তৈরি করা অসংখ্য ভুয়া আইডি থেকে সম্পূর্ণ কাল্পনিক বক্তব্যের ফটোকার্ড ছড়ানো হচ্ছে। এমনকি দেশের শীর্ষস্থানীয় দৈনিক ও টিভি চ্যানেলসহ বিভিন্ন সংবাদমাধ্যমের লোগো, ফন্ট ও ডিজাইন হুবহু নকল করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হচ্ছে। দেখতে আসলের মতো হওয়ায় সাধারণ মানুষ তো বটেই, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও যাচাই-বাছাই ছাড়া এগুলো শেয়ার করছেন, যার ফলে মুহূর্তের মধ্যে লাখো মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।

প্রধানমন্ত্রী, তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, জাইমা রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ব্যবহার করে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট চালানো হচ্ছে। এসব আইডির প্রোফাইল ও পোস্টের ধরন এমনভাবে সাজানো হয়, যা সাধারণ মানুষের কাছে আসল বলে মনে হয়। পুরনো ছবির সঙ্গে কাল্পনিক বক্তব্য যুক্ত করে কিংবা বক্তব্যের অংশবিশেষ বিকৃত করে ভুয়া ফটোকার্ড তৈরির একাধিক ঘটনা ইতিমধ্যে ফ্যাক্টচেকিং সংস্থাগুলো শনাক্ত করেছে।

গত সেপ্টেম্বরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলাফ্যাক্ট’ প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করে। একই সময়ে শতাধিক বিভ্রান্তিকর ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট এবং সংবাদমাধ্যমের আদলে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইটও শনাক্ত করা হয়। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘ডিসমিসল্যাব’-এর বিশ্লেষণে দেখা গেছে, মূলধারার সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে হাতিয়ার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এসব ভুয়া কার্ড ছড়ানো হচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোর হার বাড়তে থাকে, যা বাংলাদেশের গত সংসদ নির্বাচনের আগে আরও তীব্র হয়। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজনৈতিক অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম হয়ে ওঠে সংবাদমাধ্যমের আদলে তৈরি এসব কার্ড।

ডিসমিসল্যাবের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ৬৯০টি আলাদা ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে। এর মধ্যে অনেকগুলোই আমার দেশ, কালের কণ্ঠ, নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের মতো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের আদলে তৈরি। এসব কার্ডের প্রায় অর্ধেকই রাজনৈতিক অপতথ্যের সঙ্গে সম্পর্কিত। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ২৭৫টি ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’, যার বিপরীতে ২৪০টি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এআই প্রযুক্তির অপব্যবহারের ফলে সাইবার বুলিং ও ডিপফেকের মতো বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এআই ব্যবহার করে অতি বাস্তবসম্মত ভুয়া ছবি ও ভিডিও (ডিপফেক) বানিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হেনস্তা করা হচ্ছে। পাশাপাশি না বুঝে চ্যাটবট বা বিভিন্ন এআই প্ল্যাটফর্মে ব্যক্তিগত ও পারিবারিক সংবেদনশীল তথ্য শেয়ার করায় তীব্র হচ্ছে তথ্য ফাঁসের ঝুঁকি। এআই চ্যাটবটগুলোর ভুল তথ্য প্রদান অনেক সময় শিশুদের বিভ্রান্ত করছে। দুষ্টচক্রগুলো কণ্ঠস্বর ক্লোনিং ও ডিপফেক কনটেন্ট তৈরি করে জালিয়াতি ও ব্ল্যাকমেইলের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। এছাড়াও এআই প্রযুক্তির অপব্যবহারের কারণে স্বয়ংক্রিয় রোবটিক অস্ত্র ব্যবস্থার উত্থান, শ্রমবাজারে বিপুলসংখ্যক মানুষের চাকরি হারানোর ঝুঁকি এবং পক্ষপাতদুষ্ট ডেটার ওপর ভিত্তি করে তৈরি অ্যালগরিদমের কারণে বিচারব্যবস্থায় বৈষম্য সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে।

এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন করা জরুরি। পাশাপাশি তথ্য সুরক্ষায় শক্তিশালী অথেনটিকেশন ব্যবস্থা এবং এআইয়ের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার চরম ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। এআই নিয়ে কাজ করা নিরাপত্তা বিষয়ক সংস্থা ‘অ্যানথ্রোপিক’-এর একজন শীর্ষ গবেষক ইভান হাবিঙ্গার সতর্ক করে বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে এআই ‘সমস্ত মানুষকে হত্যা করতে পারে’ এমন আশঙ্কা ১০ শতাংশেরও বেশি। তিনি এক্স-হ্যান্ডেলে এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে বলেন, সুপারইন্টেলিজেন্সের জন্য মানুষের নৈতিক ধারণা ও নীতি অন্তর্ভুক্ত করার (এআই অ্যালাইনমেন্ট) কোনো সমাধান এখনো আমাদের কাছে নেই। তাঁর এই মন্তব্য ছিল ওপেনএআই-এর সাবেক গবেষক জ্যাকব কক্সনের একটি পোস্টের জবাবে, যেখানে কক্সন লিখেছিলেন যে কোনো কোম্পানিই দায়িত্বশীল আচরণ করছে না এবং এগুলো শীঘ্রই অতিমানবীয় সিস্টেমে পরিণত হয়ে যেকোনো কিছু হ্যাক করার ক্ষমতা অর্জন করবে।

তবে জাতিসংঘের এআই বিষয়ক উপদেষ্টা ও কম্পিউটার বিজ্ঞানী ডেম ওয়েন্ডি এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটি পুঁজিবাজারে আত্মপ্রকাশের আগে প্রচারণার অংশ হতে পারে। তিনি বিনিয়োগকারীদের অনুরোধ করেন, এ ধরনের মূল্যবোধ সম্পন্ন কোম্পানিতে যেন তারা বিনিয়োগ না করেন। এআইয়ের নিরাপদ বিকাশের জন্য একটি নতুন বহুজাতিক চুক্তির আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাবেক চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে একটি খোলা চিঠি লিখেছেন। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, অ্যানথ্রোপিক তাদের সর্বশেষ মডেলের তথ্য যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউট (এআইএসআই)-এর কাছে প্রকাশ করেনি। তবে ক্যাবিনেট অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা মডেল নিরাপদ করতে অ্যানথ্রোপিকের সঙ্গে কাজ করছেন। ইতিমধ্যে ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং মেটা তাদের এআই এজেন্টের মাধ্যমে স্বাধীনভাবে সংঘটিত হ্যাকিংয়ের ঘটনাও প্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin