Facebook Twitter Instagram YouTube

টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে অবিচল আর্জেন্টিনা


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ /
টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে অবিচল আর্জেন্টিনা

টানা দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার কঠিন মিশনে এবার তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই হাইভোল্টেজ ফাইনালের আগে আলবিসেলেস্তেরা আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছে, ‘আমরা থামছি না’।

লিওনেল স্কালোনির শিষ্যরা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ সমতাসূচক গোল করে ম্যাচে দলকে ফেরান। এরপর ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ইতিমধ্যে ফাইনালের প্রস্তুতি শুরু করে অনুশীলনে নেমে পড়েছে আর্জেন্টিনা দল। অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) লিখেছে, ‘আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটা ছোট পদক্ষেপ বাকি।’ এই বার্তার মাধ্যমে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলটির অটল মনোসংযোগ স্পষ্ট হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে লা রোহা। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে টানা দ্বিতীয় শিরোপা ধরে রাখার লড়াই, অন্যদিকে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন—সব মিলিয়ে বিশ্ব ফুটবল আরেকটি স্মরণীয় ফাইনালের অপেক্ষায় রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy