Facebook Twitter Instagram YouTube

জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ /
জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রয়াত এই অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বিরোধীদল থেকে দাবি তোলা হচ্ছে যে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সংসদে আদায় করা না হলে রাজপথের ফয়সালা হবে। মন্ত্রী বলেন, আমার কাছে মনে হয় জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব প্রশ্ন তোলা হচ্ছে। তিনি আরও বলেন, যে সব দল মিলে আমরা আন্দোলন করেছি, তাদের সবাই মিলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। এই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরাই তা বাস্তবায়ন করব।

গণভোটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, তার কোনো একটি অংশে আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোটে প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে আমরা কখনোই একমত হইনি। তিনি আরও বলেন, সংস্কার কমিশন আমাদের সম্মতি ছাড়াই বিষয়গুলো নিয়ে এসেছে এবং সে সময় আমি নিজেই বলেছিলাম যে, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, জুলাই সনদের বইয়ে স্পষ্টভাবে লেখা আছে যে, যে দল নির্বাচিত হবে তারা তাদের ইশতেহার অনুযায়ী তা বাস্তবায়ন করবে। আমরা ৩১ দফার মতোই জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধীদল জুলাই সনদ বাস্তবায়ন না করার বিষয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক শেখ সাদী ও কবি নাহিদ নজরুল প্রমুখ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে ‘অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এক স্মরণ সভায় তিনি অভিযোগ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin