রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিতে করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এরপর সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সময় শিল্পী আসিফ আকবর বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসেই অবস্থান করছিলেন, ফলে গাড়িটিতে কেউ না থাকায় বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেয়েছেন। তবে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলির শব্দ শুনে শিল্পী তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে শিল্পী আসিফ আকবর নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য তিনি পুলিশকে দিতে পারেননি। পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত চালালেও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। এ বিষয়ে শিল্পী আসিফ আকবর পুলিশকে জানিয়েছেন যে তিনি বিষয়টি পরে দেখবেন।
আপনার মতামত লিখুন :