সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা মোট ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
বেবিচক জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার রাত পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট।
অন্যদিকে, ৭৫টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিজ নিজ দেশ থেকে ফ্লাইট বাতিল করায় ঢাকা থেকে যাত্রী পরিবহন সম্ভব হয়নি।
এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছিল।
আপনার মতামত লিখুন :