রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার একটি আদালত তাকে কারাগারে প্রেরণের এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়, গত বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের উত্তর অঞ্চলের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় একটি আপত্তিকর ফেসবুক পোস্ট শনাক্ত করে। ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘মাইশা আঞ্জুম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর সফরকেন্দ্রিক একটি ছবি পোস্ট করা হয়েছিল। ছবিটিতে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাস দেখা যায়।
ওই ছবির নিচে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’। এই মন্তব্যের সূত্র ধরেই পুলিশি তদন্তে আবু বকর সিদ্দিককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :