ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। শনিবার ভোরে উপজেলার হাঁসাড়া এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৬ জন যাত্রী।
চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। সে সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের রেলিং ভেঙে ফেলে। এরপর গাড়িটি সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে গিয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
উদ্ধার অভিযানে আহতদের মধ্যে ১১ জনকে চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া আহত অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :