Facebook Twitter Instagram YouTube

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থকদের বিক্ষোভের ডাক


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ / ০
লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থকদের বিক্ষোভের ডাক

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গোষ্ঠীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ফের রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আগামী ৩১ অক্টোবর লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ৪০০ জনেরও বেশি মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন। একই দিনে স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনেও একই ধরনের বিক্ষোভ পালন করা হবে।

প্রতিবাদ কর্মসূচির আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে এটিই তাদের সর্বশেষ গণপ্রতিবাদ হতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদকারীদের হাতে এমন প্ল্যাকার্ড থাকবে, যাতে লেখা থাকবে—‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’

যুক্তরাজ্য সরকার ২০২৫ সালের জুলাই মাসে প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করে। ডিফেন্ড আওয়ার জুরিসের দেওয়া তথ্যানুযায়ী, এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে প্রকাশ্যে গোষ্ঠীটির প্রতি সমর্থন জানানোর অভিযোগে ৩ হাজার ৮৫০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আসন্ন এই বিক্ষোভের সময়সীমা ও রাজনৈতিক প্রেক্ষাপট বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে যুক্তরাজ্যের হাইকোর্ট প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে একটি রায় দিয়েছিলেন। তবে গত জুনে আপিল আদালত হাইকোর্টের সেই নির্দেশ বাতিল করে সরকারের পক্ষে রায় দেন। পরবর্তীতে এই আইনি লড়াই গড়ায় সর্বোচ্চ আদালতে। আগামী ৪ ও ৫ নভেম্বর যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গোষ্ঠীটির সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি সুপ্রিম কোর্টে এই আপিলটি দায়ের করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh