রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে মামলার বাদী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে ফোন করে হুমকিদাতারা জানায়, শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, তিনি বাদীর সঙ্গে কথা বলেছেন এবং হুমকিদাতার কথোপকথনের অডিও রেকর্ডটি হাতে পেয়েছেন। পুলিশ অডিওটি যাচাই করছে এবং এই হুমকিকে মামলার তদন্তের একটি অংশ হিসেবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে, তবে শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম নিয়ে নেতৃত্ব দেওয়া মূল আসামি সাইফুল ও জুয়েল এখনো পলাতক।
হুমকিদাতার সঙ্গে কথোপকথনের অডিওতে শোনা যায়, তিনি আফসারকে অশ্লীল ভাষায় গালাগাল করে বলছেন, ‘কালকের দিন সময় দিলাম, তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’ এ সময় বাদী জানতে চাইলে হুমকিদাতা নিজের পরিচয় না দিয়ে বলেন, ‘তোর বাপ বলছি।’ বাদী প্রতিষ্ঠানের মালিক নন জানালে হুমকিদাতা বলেন, ‘মালিক না তো বাদী হইছোস কেমনে?’ এরপরই তিনি ফোন কেটে দেন।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’—এই দাবি জানিয়ে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ার পাশাপাশি কয়েক লাখ টাকার পণ্য লুট করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটি দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে জমিটি ভাড়া নিয়েছিল।
আপনার মতামত লিখুন :