
মিথ্যা অভিযোগে মানহানির শিকার হওয়ার প্রতিবাদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহল নিয়মিতভাবে বিপ্লবের নেতাদের চরিত্রহননের চেষ্টা করছে। তিনি জানান, গত দুই বছর ধরেই এমন অপপ্রচারের শিকার হচ্ছেন, অথচ এখন পর্যন্ত কেউ কোনো সুনির্দিষ্ট প্রমাণ উত্থাপন করতে পারেনি।
নোটিশের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে একটি পাবলিক প্রোগ্রামে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন যে, বিসিবির সদস্য হওয়ার বিনিময়ে আসিফ মাহমুদ তার কাছে তিন কোটি টাকা দাবি করেছেন। এই অভিযোগ গণমাধ্যমে আসার পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করে অভিযোগের সত্যতা বা প্রমাণের বিষয়ে তথ্য চাওয়া হয়। কিন্তু বীথিকা বিনতে হোসাইন কোনো তথ্য না দিয়ে উল্টো ‘আমাকে তো এমনটাই বলা হয়েছে’ বলে যোগাযোগ বন্ধ করে দেন। আসিফ মাহমুদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার চরিত্রহননের জন্যই এই বক্তব্য দেওয়া হয়েছে।
আইনি নোটিশে আগামী সাতদিনের মধ্যে বীথিকা বিনতে হোসাইনকে তার অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে বলা হয়েছে। অন্যথায়, তাকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে প্রচলিত আইনে মানহানির মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পোস্টে আরও বলা হয়, এই ধরনের মিথ্যাচার কেবল ব্যক্তিগত নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। এখন থেকে প্রতিটি অপপ্রচারের জবাব আইনি পথেই দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :