
জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নিয়োগপত্র প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
নিয়োগপত্র গ্রহণকারী ১০ জনের মধ্যে রয়েছেন শহিদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহিদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহিদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহিদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহিদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহিদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহিদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহিদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী। এছাড়া গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারও এই নিয়োগপত্র পেয়েছেন।
অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নিয়োগপত্রপ্রাপ্তদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটি আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, যারা প্রাণ দিয়েছেন বা শারীরিকভাবে আহত হয়েছেন, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল দেশটিকে আরও ভালো করার।
রাষ্ট্র ও সরকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সীমাবদ্ধতার মধ্যেই বাস্তবতার নিরিখে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, কী পাওয়া গেল সেটি বড় কথা নয়, বরং দেশকে কী দেওয়া গেল সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে গেলে আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শহিদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা এবং আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্না উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নিয়োগপত্রপ্রাপ্ত শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :