Facebook Twitter Instagram YouTube

স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করবে না: সালাউদ্দিন টুকু


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করবে না: সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও রাজাকারদের এ দেশের জনগণ কখনোই গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের ৩২তম সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে থেকে তাদের জন্য কাজ করলে জনগণই আপনাকে বেছে নেবে, কারণ এ দেশের মানুষ কখনোই বেইমানি করে না। বিএনপি একমাত্র দল যারা গণতন্ত্রের বিপক্ষে যায়নি উল্লেখ করে তিনি বলেন, এই দলটিই বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে। তিনি আরও বলেন, মানুষ যখনই নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই তারা বিএনপিকে বেছে নিয়েছে। ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও ফ্যামিলি কার্ড কর্মসূচিই প্রমাণ করে যে বিএনপি সবসময় জনগণ ও গণতন্ত্রের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।

শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে সালাউদ্দিন টুকু বলেন, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদের কাজের পরিধি বাড়ানোর লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হয়েছে। যত গবেষণা বাড়বে, এই খাত তত উন্নত হবে। এছাড়া প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রাণী হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy