Facebook Twitter Instagram YouTube

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ /
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

দেশকে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়া যখন শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে একটি মহল আবারও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এই সমাবেশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ার আন্দোলন শুরু হয়েছে এবং দেশ পুনর্গঠনের পথচলা শুরু হয়েছে, ঠিক সেই সময়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।

মহাসচিব আরও বলেন, আমরা যখন সংসদীয় পদ্ধতির মাধ্যমে সরকারের দায়িত্ব পালন করে সংসদের মাধ্যমেই সকল সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে অন্যায়ভাবে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তিনি সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, অতীতেও এমন নজির রয়েছে যে, যখনই দেশ উন্নতির পথে এগিয়ে যায়, তখনই দেশি-আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তাকে পেছনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

মির্জা ফখরুল বলেন, অতীতে আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের দায়িত্ব বিএনপির কাঁধেই এসেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একইভাবে দেশকে গড়ে তুলেছিলেন। বর্তমানে সেই দায়িত্ব তারেক রহমানের ওপর এসে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin