
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার সকাল ৯টায় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও এই জাদুঘর পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক নিদর্শন, স্মারক, ছবি ও গুরুত্বপূর্ণ দলিলপত্র প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, বিভিন্ন স্মারক ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং তা প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘরটি স্থাপন করা হয়েছে।
জাদুঘর পরিদর্শন শেষে নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন। তারা বলেন, নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি। এনসিপি নেতারা মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের মহান আত্মত্যাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এক্ষেত্রে এই জাদুঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর আগে, গত ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত করেছিলেন নাহিদ ইসলাম। সে সময় তিনি আগামী ৫ আগস্টের মধ্যে এই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :