
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে দুজন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন এবং বাকি দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে এবং হাম-উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জন। একই সময়ে হাম-উপসর্গ নিয়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা মোট ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন।
হাসপাতালগুলোতে রোগীদের ভর্তি ও সুস্থ হওয়ার হারও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গ নিয়ে ৬৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ২০০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
আপনার মতামত লিখুন :