Facebook Twitter Instagram YouTube

আসিয়ান ও অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ /
আসিয়ান ও অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং উদীয়মান আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ান ও এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন-টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি, জলবায়ুজনিত অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি আরও বলেন, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা কাঠামো তৈরির মাধ্যমে সম্মিলিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের উপায়গুলোও তুলে ধরেন।

উল্লেখ্য, পাঁচ দশক আগে স্বাক্ষরিত টিএসি চুক্তিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো মূলনীতিগুলো নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ২০০৭ সালে এই চুক্তিতে যোগ দেয় এবং আসিয়ানের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে চুক্তিবদ্ধ প্রথম দিকের দক্ষিণ এশীয় দেশগুলোর একটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।

ম্যানিলা সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। টিএসির ৫০তম বার্ষিকী কর্মসূচির ফাঁকে তিনি চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার ইকোনমি নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy