
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সদস্য নাসের রহমান এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ ইউসুফ ওয়ালিদ। গত শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল জানানো হয়।
নির্বাচন বোর্ড জানিয়েছে, পদগুলোর বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা সমান থাকায় সভাপতি ও সহ-সভাপতিসহ মোট পাঁচজন পরিচালককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ২৪(১) বিধি অনুযায়ী এই ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচিত সভাপতি নাসের রহমান দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ গেটওয়ে হসপিটালিটি অ্যান্ড রিয়েলটি ম্যানেজমেন্ট লিমিটেডের (দ্য ওয়ে ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন।
এছাড়া ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আরও পাঁচজন হোটেল উদ্যোক্তা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন ম্যাপল লিফ হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক মেজর মো. শওকত হোসেন (অব.), দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালক আহমেদ হোসেন, কোয়ালিটি হসপিটালিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আহমেদ এবং গ্রেস কক্স হোটেল অ্যান্ড রিসোর্টস (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শরীফ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের বোর্ড আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল অনুমোদন করে। বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপনিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।
উল্লেখ্য, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন দেশের হোটেল ও আতিথেয়তা খাতের স্বার্থ সংরক্ষণ, সেবার মানোন্নয়ন এবং পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে থাকে।
আপনার মতামত লিখুন :