
যুক্তরাজ্যের বার্মিংহামের স্পার্কব্রুক এলাকার হাইগেট রোডের রয়্যাল শালিমার ভেন্যুতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এক বিয়ের অনুষ্ঠানে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানটিতে প্রায় ৫০০ জন অতিথি উপস্থিত ছিলেন এবং ভেন্যুর বাইরে সারিবদ্ধভাবে বিলাসবহুল গাড়ি রাখা ছিল। হঠাৎ একের পর এক পেট্রোলবোমা ছুড়ে হামলা চালানো হলে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, কালো পোশাক পরা তিন ব্যক্তি রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলেন। তাদের একজন পরপর তিনটি জ্বলন্ত পেট্রোলবোমা ভেন্যুর সামনের ফুটপাতে নিক্ষেপ করেন। এরপর অন্য একজন গাড়ির সারির কাছে গিয়ে আগুন ধরিয়ে দেন, যার ফলে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে। হামলায় অন্তত দুটি বিলাসবহুল গাড়ি, যা ল্যাম্বরগিনি ও ম্যাকলারেন মডেলের বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাতে আগুন ধরে যায়। তবে পুলিশের পক্ষ থেকে গাড়ির মডেল নিশ্চিত করা হয়নি।
প্রত্যক্ষদর্শী ফাহিম কায়ানি জানান, হামলার সময় গাড়িগুলোর পাশে শিশুসহ বেশ কয়েকজন অতিথি দাঁড়িয়ে ছিলেন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে অতিথিরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। কেউ কেউ সাহস দেখিয়ে জ্বলন্ত বস্তুগুলো গাড়ি থেকে সরিয়ে দেন, যার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়। ভেন্যুর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলাকারীরা ঘটনার পর মোল স্ট্রিট দিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে একটি সাদা রঙের ভক্সওয়াগন গলফ গাড়িতে উঠে এলাকা ত্যাগ করে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা এর সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রয়্যাল শালিমার ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি বড় অনুষ্ঠানকেন্দ্র যেখানে গ্র্যান্ড হলে ৮৫০ জন পর্যন্ত অতিথি বসতে পারেন।
ভেন্যুটির ঠিকানা ২৩৮ হাইগেট রোড, বার্মিংহাম।পুলিশ হামলার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :