Facebook Twitter Instagram YouTube

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ /
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিশেষ শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই অভিনন্দন জানান।

শুভেচ্ছাবার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাঁর সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালীন নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে এ দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র ও অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

সাবেক প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।'

উল্লেখ্য, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন, যাদের মধ্যে ৩৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh