
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সীমানা প্রাচীরের বাইরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও নিরাপত্তা ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অনুমোদিত সীমানার বাইরে এসব অবকাঠামো নির্মাণ করা হয়েছে—এমন অভিযোগে বুলডোজার ব্যবহার করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের সময় ভিসা বিভাগের সামনের লাইন ব্যবস্থাপনার কাঠামো, টিনের চাল, মেটাল ফেন্সিং এবং ট্রাফিক বোলার্ড অপসারণ করা হয়েছে। এছাড়া হাইকমিশনের মূল ব্লকের বাইরে সুরক্ষার জন্য স্থাপিত নিরাপত্তা বুথগুলোও সরিয়ে ফেলা হয়েছে। এই উচ্ছেদের ফলে হাইকমিশনের প্রবেশপথের বাইরে কংক্রিট ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপ তৈরি হয়েছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপটি পাকিস্তানের ওপর ভারতের একটি পাল্টা ব্যবস্থা। এর ঠিক তিন দিন আগে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের বাইরে থেকে পাকিস্তান কর্তৃপক্ষ তাদের প্রতিরক্ষামূলক ব্যারিকেড সরিয়ে নিয়েছিল। এছাড়া সম্প্রতি জম্মু ও কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান কড়া প্রতিবাদ জানালে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপড়েন সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :