Facebook Twitter Instagram YouTube

জাপান সাগরের দিকে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ণ /
জাপান সাগরের দিকে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরের অভিমুখে একযোগে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উপকূলীয় অঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)। স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ানের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নপথ, পাল্লা এবং অন্যান্য কারিগরি দিক বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখা হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছে। এর আগে গত ১২ আগস্ট পিয়ংইয়ং সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’-এর সময়সীমা ও পরিসর কমিয়ে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর একদিন পরই নতুন করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছিলেন, যৌথ মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনা হলেও পিয়ংইয়ং এটিকে গুরুত্ব দিচ্ছে না। তিনি অভিযোগ করেন যে, মহড়ার সময়সীমা কমলেও এর ‘আগ্রাসী ও উসকানিমূলক’ চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din