Facebook Twitter Instagram YouTube

মনপুরায় ২ কেজি ওজনের ‘রাজা ইলিশ’ ৯ হাজার টাকায় বিক্রি


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ /
মনপুরায় ২ কেজি ওজনের ‘রাজা ইলিশ’ ৯ হাজার টাকায় বিক্রি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বিশালাকার ইলিশ, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ মাঝি নামের এক জেলে রামনেওয়াজ ঘাট সংলগ্ন মেঘনায় জাল ফেলে মাছ শিকার করছিলেন। দুপুরে জাল তোলার পর ছোট আকারের ইলিশের সঙ্গে এই বিশাল আকারের ইলিশটি তার জালে ধরা পড়ে।

পরবর্তীতে তিনি মাছটি রামনেওয়াজ মৎস্য ঘাটে অবস্থিত অনি চৌধুরীর আড়তে নিয়ে আসেন। সেখানে খোলা ডাকের মাধ্যমে (নিলামে) আড়তদার অনি চৌধুরী নিজেই ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আড়তদার অনি চৌধুরী তার ব্যবসায়িক পরিকল্পনা প্রসঙ্গে বলেন, “চরাঞ্চলে বর্তমানে বড় সাইজের ইলিশের দেখা মেলা ভার। মাছটি প্রক্রিয়াজাত করে ঢাকা পাঠানো হবে, যেখানে এটি আরও ভালো দামে বিক্রি করা সম্ভব হবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এই বিষয়ে মন্তব্য করে জানান, “বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে পানির প্রবাহ ও গভীরতা বাড়লে জেলেদের জালে এমন বড় আকারের ইলিশ আরও বেশি ধরা পড়বে।”

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy