Facebook Twitter Instagram YouTube

বেতন নিয়ে বাফুফেকে দুষলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনস


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
বেতন নিয়ে বাফুফেকে দুষলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনস

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোনস বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ব্রিটিশ কোচ জানান, তিনি এখনো বেতনের অপেক্ষায় আছেন এবং স্ত্রী-সন্তানদের খাবারের টাকা পাঠাতে পারছেন না। তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।

পরবর্তীতে আরেকটি পোস্টে জোনস জানান, ব্যাংকিং সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হয়েছে। তিনি অর্থ পেলেও এর সঙ্গে নতুন কিছু সমস্যা যুক্ত হয়েছে, যে বিষয়ে তাকে আগে জানানো হয়নি। এছাড়া তার ব্যক্তিগত আর্থিক তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

জোনস জানান, তিনি ব্যক্তিগতভাবে বেশ কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেখানে মানুষ তার গাড়ি ঘিরে ধরে বা ব্যক্তিগতভাবে তার কাছে আর্থিক সাহায্য চেয়েছে। বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে যুব দলের আবাসিক ক্যাম্প চলছে, যেখানে তিনি অবস্থান করছেন। নিজের অসহায়ত্ব ও একাকীত্বের কথা জানিয়ে তিনি বলেন, তিনি ভীষণভাবে বিপর্যস্ত এবং আতঙ্কিত বোধ করছেন। দুপুর দেড়টায় একটি ভিডিও বার্তাতেও তিনি নিজের হতাশা ও পরিবারের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে বলেন, তিনি ভেতরে-ভেতরে ভেঙে পড়েছেন।

বাফুফের সাধারণ সম্পাদক প্রথম আলোকে জানান, চুক্তি অনুযায়ী ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা এবং সে অনুযায়ী তারা টাকা পাঠিয়ে দিয়েছেন। এরপর কী হয়েছে তা তাদের জানা নেই। বাফুফের একটি সূত্র জানিয়েছে, বেতনের টাকা নিজ দেশে পাঠানোর আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে জেরার্ড জোনস যশোর থেকে ঢাকায় এসেছেন। গত জুন মাসে এই ইংলিশ কোচ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব গ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo