Facebook Twitter Instagram YouTube

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ / ০
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু

এবারের দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এ বছর পূজার সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল এবং মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছেন। সনাতন ধর্মাবলম্বীরাও সরকারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, এ বছর দুর্গাপূজার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এ জন্য সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেন ‘সবার আগে বাংলাদেশ’ এবং তিনি তার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। এবারের পূজায় সরকারের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটেছে।

বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ থাকলেও, বর্তমানে তারা বর্তমান সরকারের ওপর আস্থা রাখছেন বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তারা যে প্রত্যাশা করেছিলেন, সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তা পূরণ করতে পেরেছে।

টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবার সহযোগিতা নিয়ে টাঙ্গাইল থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দূর করতে কাজ চলছে এবং ইতিমধ্যে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলের উন্নয়ন ও একটি নিরাপদ সমাজ গঠনে কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin