Facebook Twitter Instagram YouTube

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত অন্তত ২০


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ / ০
খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত অন্তত ২০

খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের আঠারোমাইল এলাকার ডাঙ্গিরপাড়ে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে মুন্সিগঞ্জ জেলার জিন্নাত আলী (৩৫) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বাসের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী বাসটির (সাতক্ষীরা-জ-১১-০০৯৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই ট্রাকের (নারায়ণগঞ্জ-উ-১১-০০২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত বাকি দুজনের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy