Facebook Twitter Instagram YouTube

ফেক নিউজ নিয়ন্ত্রণে ভারসাম্য জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ / ০
ফেক নিউজ নিয়ন্ত্রণে ভারসাম্য জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ফেক নিউজ, প্রেক্ষাপটবিহীন সংবাদ এবং বিকৃত তথ্য নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বুধবার রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ নিয়ন্ত্রণে সাইবার নিরাপত্তা আইনসহ প্রাসঙ্গিক আইনি কাঠামোর মাধ্যমে কাজ চলছে, তবে সংবাদ নিয়ন্ত্রণ ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

তথ্যমন্ত্রী জানান, সরকার ফেক নিউজ নিয়ন্ত্রণের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন এবং সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গে নিয়মিত আলোচনা করছে। তিনি উল্লেখ করেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, বরং একটি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। তাই আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা যেন অক্ষুণ্ন থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি পরিণত অবস্থানে পৌঁছানো সম্ভব হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জাতীয়তাবাদী সরকার সহমত ও সহাবস্থানে বিশ্বাস করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে একই ছাদের নিচে বসবাস করবেন—সরকার এমন পরিবেশ নিশ্চিত করতে চায়। তিনি সব ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী ভোলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মাহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh