Facebook Twitter Instagram YouTube

৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’ বন্ধ, আসছে ‘ভিউয়ারস’ মেট্রিক


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ণ / ০
৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’ বন্ধ, আসছে ‘ভিউয়ারস’ মেট্রিক

ফেসবুকে পোস্ট, ছবি, ভিডিও এবং রিলসের কার্যকারিতা পরিমাপের জন্য বহুল ব্যবহৃত ‘রিচ’ (Reach) মেট্রিকটি বন্ধ করে দিচ্ছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে এই ফিচারের পরিবর্তে ‘ভিউয়ারস’ (Viewers) নামে একটি নতুন মেট্রিক চালু হবে। ফেসবুকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।

এত দিন ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে কোনো পোস্ট বা কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করা হতো। নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকটি অবশ্য কনটেন্ট দেখা অনন্য বা ইউনিক অ্যাকাউন্টের সংখ্যা তুলে ধরবে। এই পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম এবং ডিজিটাল বিপণনকর্মীদের কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।

নতুন এই মেট্রিকের সাহায্যে তাঁরা পোস্ট, ছবি, ভিডিও এবং রিলসের দর্শকসংক্রান্ত তথ্য আরও কার্যকরভাবে বিশ্লেষণ করতে পারবেন। এর মাধ্যমে ভবিষ্যতের কনটেন্ট পরিকল্পনা এবং প্রচারকৌশল নির্ধারণ করা সহজ হবে। তবে, ‘রিচ’ এবং ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকায় আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে।

এ কারণে কনটেন্টের দীর্ঘমেয়াদি কার্যকারিতা মূল্যায়ন এবং পূর্বের বিপণন কৌশলের ফলাফল বিশ্লেষণে নতুন করে হিসাব মেলানোর প্রয়োজন হতে পারে। এই পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পরিসংখ্যান ও প্রতিবেদন সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে, নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি সম্পর্কে আগেভাগে ধারণা নিলে পরিবর্তনের পরও কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ ও ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

মেটা জানিয়েছে, ‘রিচ’ বন্ধ হয়ে গেলেও পোস্ট, ছবি, ভিডিও বা রিলস প্রকাশে কোনো প্রভাব পড়বে না। মূলত কনটেন্টের দর্শকসংক্রান্ত তথ্য পরিমাপ ও দেখানোর পদ্ধতিতেই পরিবর্তন আসবে। এর ফলে পেজ পরিচালকেরা তাঁদের কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্ট দেখেছে, তা নতুন মেট্রিকের মাধ্যমে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। তবে পুরোনো ‘রিচ’ এবং নতুন ‘ভিউয়ারস’-এর পরিসংখ্যানের মধ্যে পার্থক্য থাকতে পারে, তাই কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের ক্ষেত্রে নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din