
বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাজীপাড়া বউবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, যার নাম লুৎফর রহমান। বাকি তিনজনের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নওগাঁয় মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। পথে কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার ও দুইজন মাছ ব্যবসায়ী নিহত হন।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং লাশগুলো উদ্ধার করে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :