
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রবিবার ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার কার্যক্রমের অংশ হিসেবে এদিন ২৭তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। জেরা শেষে আদালত আগামী ৪ আগস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ জুলাই সাংবাদিক আশরাফ কায়সার সাক্ষ্য প্রদান করেন। তিনি তার জবানবন্দিতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের বিভিন্ন দিক এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রথম দফার সাক্ষ্যগ্রহণ গত ২৭ এপ্রিল শেষ হলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সাংবাদিক আশরাফ কায়সারের অতিরিক্ত জবানবন্দি গ্রহণ করা হয় এবং তদন্ত কর্মকর্তাকে পুনরায় সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।
মামলায় অভিযুক্ত অন্য ছয় আসামি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আদালতের তথ্য অনুযায়ী, এই সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
চলতি বছরের ২২ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আদালত রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, আসামিরা জুলাই-আগস্টের আন্দোলন দমনে সমন্বিতভাবে উসকানিমূলক বক্তব্য, প্ররোচনা এবং নেতাকর্মীদের রাজপথে নামিয়ে সহিংসতা ও সশস্ত্র হামলার পরিকল্পনা করেছিলেন। এছাড়া গণমাধ্যম নিয়ন্ত্রণে তাদের ভূমিকা এবং কঠোর দমন-পীড়নের মাধ্যমে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করেছে।
আপনার মতামত লিখুন :