Facebook Twitter Instagram YouTube

নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে মোমেন মিয়াকে হত্যা


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ / ০
নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে মোমেন মিয়াকে হত্যা

নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া ওই গ্রামের প্রয়াত ধন মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন প্রয়াত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) এবং কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের ভাষ্যমতে, এলাকায় ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় একবার বিরোধ মিমাংসা হলেও পরবর্তীতে তা আবারও প্রকট হয়। এই বিরোধের জের ধরেই রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে মোমেন মিয়াকে মাথায় ও পায়ে গুলি করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, মোমেন মিয়াকে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার সময় তার শরীরে কোনো পালস বা রক্তচাপ ছিল না। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, সদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোমেন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy