Facebook Twitter Instagram YouTube

দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার ঝানজাইল বাজার এলাকার ‘মা মনি’ বাস কাউন্টারের সামনে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলমের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও বিক্রি নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদের চালানটি উদ্ধার করা হয় এবং দুই যুবককে হেফাজতে নেওয়া হয়। উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

দুর্গাপুর থানার এসআই ফিরোজ আলম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh