
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন একটি চায়ের দোকানে বসে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন এক শিক্ষক। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৪০০টি পরীক্ষার খাতা জব্দ করা হয়েছে।
আটক শিক্ষকের নাম ইকবাল হোসেন (সোহান)। তিনি সিলেটের মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক এবং সিলেট শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফজলুল হকের চায়ের দোকানে এক বস্তা খাতা নিয়ে বসেছিলেন ইকবাল। তাঁর সঙ্গে তখন নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আইরিন লিনজাসহ আরও দুজন খাতা দেখছিলেন।
চায়ের দোকানদার ফজলুল হক জানান, ওই শিক্ষক ও তাঁর সহপাঠীরা নিয়মিতই সেখানে চা পান ও আড্ডা দিতে আসতেন। শুক্রবার রাতেও তাঁরা একই দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ন করেছিলেন। ঘটনার সময় দোকানদার যখন দোকান গোছানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। আইরিন লিনজা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি ওই শিক্ষকের বন্ধু ও ব্যাচমেট, তবে খাতা দেখার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
ঘটনার পর অভিযুক্ত পরীক্ষক ইকবাল হোসেনকে শিক্ষা বোর্ডের হেফাজতে নেওয়া হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল থেকে খাতাগুলো জব্দ করা হয়েছে এবং ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তাঁকে শিক্ষা বোর্ডের হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত শিক্ষকের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।
আপনার মতামত লিখুন :